ইসলাম টাইমস ডেস্ক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিনামূল্যে মুসলিম শিশুদের খৎনা অনুষ্ঠানের আয়োজন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আলেমদের সেবামূলক সংগঠন ‘হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা’র একজন নিহত ও আরও ৫ জন আহত হয়েছেন। গতকাল (২৯ ফেব্রুয়ারি) কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান রাকিবের গ্রামের বাড়ি শরিয়তপুর। সে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসার দাওরায়ে হাদীসের (মাস্টার্স) ছাত্র ছিল।
জানা যায়, সংস্থাটির সভাপতি মাওলানা রাজিবুল হকের নেতৃত্বে ১৬ জনের একটি কাফেলা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ভলেন্টিয়ারির দায়িত্ব পালন করতে নিহত আশিকুর রহমান ঢাকা থেকে উখিয়ায় যান।
খৎনা অনুষ্ঠান শেষ করে ফেরার পথে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ওই কাফেলার আরও পাঁচজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
















