দলবল নিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এমপি আসলামের বিরুদ্ধে

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে নৌপরিবহন কর্তৃপক্ষের চালানো উচ্ছেদ অভিযানে দলবল নিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা-১৪ আসনের সরকার দলীয় এমপি এমপি আসলামুল হকের বিরুদ্ধে।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জের বছিলা সেতুর পশ্চিম পাশে বুড়িগঙ্গার তীরে এসে অভিযান বন্ধ করার নির্দেশ দেন তিনি। তবে তার বাধা উপেক্ষা করেই অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন দলের আসলামুল বুড়িগঙ্গার তীরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন। বিআইডব্লিউটিএর দাবি, এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে গিয়ে নদীর কিছু অংশ দখল করেছেন এমপি।

সংস্থাটি মঙ্গলবার (৩ মার্চ) এখানে অভিযান চালিয়েছিল। অভিযানে প্রায় তিন একর জায়গা উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিএ বলছে, এমপি আসলামের দখলে ৫ একর জায়গা রয়েছে। ২৩টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় দিনের মতো সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে এসে আসলামুল হক কাজ বন্ধের নির্দেশ দেন।

এ সময় বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের উদ্দেশে এমপি আসলাম বলেন, যৌথ জরিপের কাগজ না দেখালে উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে, কাজ করতে দেব না। এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট তৈরির সময় বিআইডব্লিউটিএ অনাপত্তিপত্র দিয়েছিল। আবার তারাই বিনা নোটিশে এই জায়গায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে।

পূর্ববর্তি সংবাদচুক্তির চতুর্থ দিনেই যুক্তরাষ্ট্রের বিমান হামলা, তালেবানের পাল্টা হামলা, ২০ জন নিহত
পরবর্তি সংবাদকরোনা আতঙ্ক: সৌদিদের জন্যও ওমরাহ ও মসজিদে নববী যিয়ারত সাময়িক বন্ধ