পিরোজপুরের ঘটনা প্রমাণ করে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে: খেলাফত মজলিস

ইসলাম টাইমস ডেস্ক: দুদকের মামলায় সরকারী দলের এক সাবেক এমপি ও তার স্ত্রীকে জামিন না দেয়ায় পিরোজপুর জেলা ও দায়রা জজকে তাৎক্ষনিকভাবে প্রত্যাহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, পিরোজপুর জেলা ও দায়রা জজকে তাৎক্ষনিক প্রত্যাহারের ঘটনা প্রমান করে যে, সরকার নির্লজ্জভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো ‍বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, দলীয় স্বার্থে বিচার বিভাগকে ব্যবহার কারা হচ্ছে। সরকারের ইচ্ছেমত রায় বা পদক্ষেপ না নিলে বিচারককে বদলি, প্রত্যাহারসহ নানা হয়রানির শিকার হতে হয় পিরোজপুরের ঘটনা তার সর্বশেষ বহি:প্রকাশ।

গত মঙ্গলবার দুদকের মামলায় পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল ও তার স্ত্রীর জামিনের আবেদন নাকচ করার পর পিরোজপুর জেলা ও দায়রা জজ জনাব আবদুল মান্নানকে তাৎক্ষণিকভাবে বদলি কারা হয় এবং পরে কয়েক ঘন্টার মধ্যেই আবদুল আউয়াল দম্পতির জামিন নেয়া হয়। এ ঘটনা বিচার বিভাগের স্বাধীনতার প্রতি মারাত্মক আঘাত। এভাবে বিচার বিভাগ চলতে পারে না।

বিবৃতিতে নেতৃদ্বয় দাবী করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে। পিরোজপুর জেলা ও দায়রা জজ জনাব আবদুল মান্নানের প্রত্যাহার বা বদলির আদেশ প্রত্যাহার করতে হবে, তা না হলে সারাদেশের বিভিন্ন আদালতের বিচারকগণ সব সময় সরকারের রোশের ভয়ে শংকিত হয়ে পরবেন।
দেশে ন্যায় বিচারের লেশমাত্রও বাকী থাকবে না। সরকারের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে মুক্ত ও স্বাধীন করতে হবে।

পূর্ববর্তি সংবাদনরেন্দ্র মোদির না আসার কোনো কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদপাপিয়াকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়