ইসলাম টাইমস ডেস্ক: রাখাইনে মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় মিয়ানমারের শীর্ষ নেত্রী অং সান সু চি’কে দেওয়া সম্মাননা কেড়ে নিল লন্ডন সিটি করপোরেশন (সিএলসি)। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রাজধানী শহরটির কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, লন্ডনের ঐতিহাসিক এবং অর্থনৈতিক অঞ্চলগুলো পরিচালনা করা সিএলসি কর্তৃপক্ষের নির্বাচিত প্রতিনিধিদের ভোটে সু চির সম্মান বাতিল করা হয়।
২০১৭ সালের মে মাসে মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি’কে এই সম্মানে ভূষিত করেছিল সিএলসি। এর মাধ্যমে মিয়ানমার নেত্রীর অনেক বছর ধরে গণতন্ত্রের জন্য অহিংস লড়াই এবং মানুষের জন্য একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে তার অবিচল নিষ্ঠার প্রতি স্বীকৃতি জানানো হয়।
সে সময় ইউরোপ সফরে থাকাকালীন সু চি লন্ডনে ওই সম্মাননা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পুরস্কার গ্রহণ করেন। যদিও রোহিঙ্গা সমস্যার জন্য সেখানে তিনি বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন।
















