ইসলাম টাইমস ডেস্ক: সরকারের বিরুদ্ধে করোনা ভাইরাসের তথ্য গোপনের অভিযোগ এনে মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিরা আসতে অপারগতা প্রকাশ করার কারণে সরকার করোনাভাইরাস আক্রান্তদের খবর সামনে এনেছে বলেও মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় প্রেসক্লাবে দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসে বিএনপি মহাসচিব তার এমন ধারনা ব্যক্ত করেন।
সরকার করোনা ভাইরাস নিয়ে এতদিন কিছু না বললেও হঠাৎ করে তিনজন আক্রান্তের খবর প্রকাশ করার বিষয়ে ফখরুল বলেন, ‘সরকার এতদিন এই বিষয়টি পুরোপুরি গোপনের চেষ্টা করেছে। যখন বিদেশি অতিথিরা আসতে অপারগতা প্রকাশ করলেন তখনই এ তিনজনের নাম আসলো।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমার ধারণা তারা বিষয়টাকে পুরোপুরি গোপন করার চেষ্টা করেছেন। এ ব্যাধিটি দেশে অনেক আগেই এসেছে বলে অনেকের ধারণা। এ ধারণা সত্যিকার অর্থে এখন প্রকাশিত হচ্ছে।’
করোনাভাইরাস ঠেকাতে যেসব ব্যবস্থা নেয়া দরকার ছিল সরকার তা নেয়নি অভিযোগ করে ফখরুল বলেন, ‘অবিলম্বে সব বন্দরে যথেষ্টসংখ্যক থার্মাল স্ক্যানারের ব্যবস্থা রাখা প্রয়োজন। মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালও নির্ধারিত করে দেয়া দরকার।
















