ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে কক্সবাজারে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলেও জানান কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাসের প্রভাব কমাতে সরকার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। কিন্তু এর মধ্যে কিছু কিছু অতি উৎসাহী পরিবারের লোকজন দেশের বিভিন্ন পর্যটন স্পট ঘুরতে ব্যস্ত হয়ে পড়েছে। যে কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, সরকার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছে বাসায় বসে থাকার জন্য। পাশাপাশি শিশুদের করোনাভাইরাস থেকে যতটুকু সম্ভব মুক্ত রাখার জন্য। কিন্তু লোকজন সরকারের এই মহৎ উদ্যোগের প্রতি সমর্থন না জানিয়ে দেশে দেশে ঘুরতে ব্যস্ত হয়ে পড়েছে। তাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
















