চসিক সহ সব উপনির্বাচন স্থগিতের আহ্বান জানালেন ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ চলতি মাসের সব ধরনের উপনির্বাচন স্থগিতের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বব্যাপী করোনার এই চরম পরিস্থিতিতে নির্বাচন স্থগিত না করে কমিশন জনগণের সঙ্গে অমানবিক আচরণ করছে।

করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, করোনাভাইরাসের আতংকের কারণে জনগণের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে নির্বাচন বন্ধ করার কথা এসেছে। কিন্ত নির্বাচন কমিশন বলছে, ২১ তারিখে যে নির্বাচনগুলো আছে তা হবেই এবং ২৯ তারিখের নির্বাচনের ব্যাপারে ২১ তারিখ সিদ্ধান্ত নেবে।

‘আমরা এটাকে একেবারেই একটা একপেশে সিদ্ধান্ত মনে করি এবং জনগণের সঙ্গে সম্পর্ক বিবর্জিত, জনগণের যে আশা-প্রত্যাশা যে, এই দুর্যোগের সময়ে কমিশন মানবিক আচরণ করবে তারা সেটা করছেন না বরং অমানবিক আচরণ করছেন।’

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে আহবান জানাচ্ছি, কমিশন তাদের সিদ্ধান্তকে প্রত্যাহার করে জনগণের স্বার্থে, মানুষের বেঁচে থাকার স্বার্থে এই নির্বাচনগুলোকে আপাতত স্থগিত রাখবেন। পরবর্তীতে নির্বাচনে তারিখ ঘোষণা করা যেতে পারে।

পূর্ববর্তি সংবাদকরোনা সতর্কতায় সমাজে পরিচিত ইমামদের নিয়ে প্রচারণার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদসিরিয়ায় তুর্কি সামরিক বহরে আবারও হামলা, কয়েকজন সেনা নিহত