ইসলাম টাইমস ডেস্ক: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে আরো ৩০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মাধ্যমে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে ১৮ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন।
এদিকে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ভারতের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি জানতে রাজ্যের রাজ্যপালদের (গভর্নর) সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকাল ১০টায় মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, হরিয়ানার রাজ্যপাল এবং দিল্লির উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি।
পাশাপাশি, এই পরিস্থিতিতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ভারতের কেন্ত্রীয় ব্যাংক- রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন। রেপো রেট কমে হল ৪.৪। সেই সঙ্গে রিভার্স রেপো রেটও কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ।
















