ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা দেশের সব নিট পোশাক কারখানার শ্রমিকরা যথাসময়ে বেতন পাবেন। আজ শনিবার (২৮ মার্চ) বিকেএমইএ সূত্রে এমনটাই জানা গেছে।
সূত্রমতে জানা যায়, বন্ধের এ সময়ে শ্রমিকদের স্ব স্ব বাসায় অবস্থান করতে হবে। আর পরিবেশ ভালো বা যাই হোক শ্রমিকরা যথাসময়ে তাদের বেতন পেয়ে যাবেন। বিকেএমইএ সূত্র বলছে, করোনা ভাইরাসের কারণে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থায় শ্রমিক অসুস্থ হয়ে পড়লে এ শিল্প ঘুরে দাঁড়াতে পারবে না। এই শিল্পকে বাঁচাতে হলে অবশ্যই শ্রমিকের স্বাস্থ্যসেবার বিষয়টি আন্তরিকভাবে দেখতে হবে।
বিকেএমহএ সভাপতি সেলিম ওসমান সংবাদ মাধ্যমকে বলেন, সবার মাঝে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থা আমার শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমি কীভাবে ঘুরে দাঁড়াবো। আমি বাসায় থেকে কারখানা চালাবো আর শ্রমিক এ অবস্থায় কারখানায় কাজ করবে এটা হয় না।
যথাসময়ে শ্রমিকেরা বেতন পাবেন কি না- জানতে চাইলে বিকেএমইএ সভাপতি বলেন, অবশ্যই পাবেন। এটা তো মানবিক কারণে হলেও বেতন দিতে হবে।
















