করোনা: এখন মদীনায় যে চিত্র

আলী আজম ।।

সৌদি আরবে করোনার প্রভাব পড়েছে বেশকদিন হলো। সপ্তাহ দুয়েক পূর্বেও সৌদি আরবের বেশ কিছু জায়গায় আক্রান্তের সংখ্যা কমবেশি থাকলেও পবিত্র মক্কা ও মদিনায় আক্রান্তের সংখ্যা নিতান্তই কম ছিল। বিশেষ করে পবিত্র মদিনা মুনাওয়ারাতে শুরু থেকেই  করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল শূন্যের কোঠায়। যার ফলে গোটা সৌদি আরবজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হলেও মদিনাবাসী ছিলেন অনেকটা নিশ্চিন্ত। এর কারণ মদিনায় আক্রান্তের সংখ্যা ছিল শূন্য। অথচ আজকের খবর অনুযায়ী পবিত্র মদিনা খুব বেশি আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছেই।

মদিনায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত হয় আইন ভঙ্গ করে কাতিপ থেকে মদিনায় আসা ছজন কাতিপের বাসিন্দা। মূলত তারাই প্রথম মদিনায় করোনা আক্রান্ত বলে সনাক্ত হয়। কর্তৃপক্ষ তাদের নিয়ে কোনো প্রকার অবহেলা করেনি। যথা সময়েই যথাযথ ব্যবস্থা নিয়েছিল। এমনকি বাড়তি সতর্কতা স্বরূপ এর পরদিন থেকে পবিত্র মসজিদে নববীতে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। এর পরদিন জুমাবার থাকলেও জুমার নামাজে পবিত্র মসজিদে নববীতে সর্বসাধারণের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে। অর্থাৎ জুমার নামাজও সীমিত পরিসরে আদায় করা হয়। এরপর থেকে সেভাবেই চলছে সবকিছু। তবে তারপরও কিন্তু মদিনাবাসী করোনা থেকে রক্ষা পায়নি।

সেই ছজন ব্যক্তিকে সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। লোকমুখে শোনা যায়, তারা ছিলেন শিয়া। তার পর থেকে কারফিউ জারি করা হয় গোটা সৌদিজুড়ে। এমনকি মদিনার কিছুকিছু জায়গা নিত্যনতুনভাবে আক্রান্ত হতে দেখে সেসব জায়গায় চব্বিশ ঘন্টার কারফিউ জারি করা হয়। অথচ তারপরও কর্তৃপক্ষ ব্যর্থ। মাঝখানের কদিনে নিত্যনতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমনকি সৌদিজুড়ে প্রথম করোনা আক্রান্ত রোগির মৃত্যুও হয় পবিত্র মদিনায়। এরপর থেকে মৃত্যুর সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। আজ সর্বশেষ নতুন করে রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যাতেও পবিত্র মদিনা উপরে ওঠে এসেছে। যা মোটেও ভালো লক্ষ্মণ নয়।

আজকের হিসাব অনুযায়ী শুধু পবিত্র মদিনাতেই নতুন করে আক্রান্ত আটাত্তর জন। সবমিলিয়ে প্রায় একশ তেপ্পান্নজন। মৃত্যুর সংখ্যা চারজন। যাদের মধ্যে দুইজন বাঙ্গালী বলেও জানা যায়। আক্রান্তের সংখ্যায় পবিত্র মক্কাও পিছিয়ে নেই। ইতোমধ্যে তিনশো পনেরো জন আক্রান্ত হয় বলে জানা যায়। এদের মধ্যে একজন মৃত্যু বরণ করেন। এছাড়াও গোটা সৌদি আরবের অবস্থাও তেমন ভালো না। দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছেই। আক্রান্ত হচ্ছে নতুন নতুন এলাকা। তবে আশার আলো হলো গোটা সৌদি আরবে ইতোমধ্যে সতেরো শত বিশ জন আক্রান্ত হলেও তাদের মধ্যে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইশো চৌষট্টিজন। তবে মদিনার হালত যেনো দিনদিন খারাপ হয়ে যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদসাধারণ ছুটিকালীন সময়ে জরুরি সেবার আওতায় সংবাদপত্র-জ্বালানি
পরবর্তি সংবাদপুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত