ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এ মহামারী থেকে সুরক্ষা পেতে আমেরিকায় পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় দেশটির নার্সরা বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার অন্তত ৬টি হাসপাতালের নার্সরা সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিক্ষোভে অংশ নেন।
দেশটির ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ক্যানসাস, নেভাদা এবং টেক্সাস অঙ্গরাজ্যে ১৯টি রেজিস্টার্ড হাসপাতালের নার্সদের সংগঠন ন্যাশনাল নার্সেস ইউনিয়ন এ বিক্ষোভের আয়োজন করে।
ইউনিয়ন বলছে, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সেবা দেওয়ার জন্য তাদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন চিকিৎসা সামগ্রী ও সরঞ্জামের ব্যবস্থা করতে হবে। তারা বলছেন, ভাইরাস আক্রান্ত কোনও রোগীকে সেবা দিতে গেলে নার্সদের ব্যক্তিগত সুরক্ষা অপরিহার্য।
ন্যাশনাল নার্সেস ইউনিয়নের মুখপাত্র ব্রাডলি ভ্যান ওয়াউস বলেন, “যখন নার্স ও রোগীরা সুরক্ষিত নন তখন আমরা নার্সদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।”তিনি বলেন, আমেরিকার সবচেয়ে নামিদামি হাসপাতালগুলোতেও নার্সদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই, এটি দুঃখজনক এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
আমেরিকায় এরইমধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।
















