বেসরকারি হাসপাতাল চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সাধারণ রোগে মানুষের চিকিৎসা না পাওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষের এই বিপদের সময়ে প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠান যদি চিকিৎসা না করে হাতগুটিয়ে বসে থাকে, তবে সরকারও তাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ‘ডেডিকেটেড করোনা বেড’ পরিদর্শনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা মোকাবিলা করতে হলে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। দেশে আজও ৯ জন আক্রান্ত হয়েছে এবং ২ জন মারা গেছে। গোটা বিশ্বে করোনাভাইরাস কঠিন মূর্তি ধারণ করছে। কাজেই সামনে সতর্ক না হয়ে আর উপায় নেই। প্রত্যেকেরই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এখন থেকে সামনের কিছুদিন ঘর থেকে খুব জরুরি না হলে বাইরে বের হওয়াই উচিত হবে না। আর বাইরে কোনো প্রয়োজনে বের হলেই মুখে মাস্ক পরে বের হতে হবে।

জনসমাগমে কম অংশ নেওয়া প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, বারবার অনুরোধ করার পরও দেখা যাচ্ছে মানুষ জনসমাগম পরিহার করতে চাচ্ছে না। জুমার নামাজে মসজিদ ভর্তি হয়েও রাস্তা পর্যন্ত লোক দাঁড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে এটি খুবই অনাকাঙ্ক্ষিত ব্যাপার।

পূর্ববর্তি সংবাদকরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১১ লাখ, মৃত ৬১ হাজার ১৪৪ জন
পরবর্তি সংবাদশবে বরাতে বাসায় বসে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইফা