ইসলাম টাইমস ডেস্ক: ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা এক শ পেরিয়ে গেল। আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৪ হাজারের সীমা। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ সোমবার বিকেলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯। আক্রান্ত ৪ হাজার ৬৭ জন।
জানা গেছে, মহারাষ্ট্রে সোমবারে দু শ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের নিয়ে এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৯০। শুধু এই রাজ্যেই মারা গেছেন ৪৫ জন। মৃতদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট (১১)। যদিও ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২২। আক্রান্তদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু (৫৭১), চতুর্থ স্থানে দিল্লি (৫০৩)।
উল্লেখযোগ্যভাবে দিল্লি, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, কর্ণাটক, বিহার, আসাম, জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ সহ মোট ১৯টা রাজ্যে সোমবার বিকেল পর্যন্ত নতুন করে একজনও করোনায় আক্রান্ত হননি। এটা একটা ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে।
কিন্তু আশঙ্কা বাড়ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা, রাজস্থান, অন্ধ্র প্রদেশ ও হরিয়াণা নিয়ে। হুট করে এই রাজ্যগুলোয় আক্রান্তদের সংখ্যা কয়েকদিন ধরে বেড়ে গেছে।
















