ইসলাম টাইমস ডেস্ক: গত ৩০ মার্চ গৃহিত সরকারি সিদ্ধান্তের অনুসরণে আল্লাহ তায়ালার রহমতের আশায় পাঁচ ওয়াক্ত নামায, জুমা এবং মাহে রমজানে তারাবিহের নামাযে স্পল্প-সময়ের জন্য মসজিদগুলো সাধারণভাবে উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ।
আজ ১৯ এপ্রিল রবিবার তানযীমুল মাদারিসির দফতর সম্পাদক আহসান হাবীব প্রেরিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
প্রেরিত বার্তায় বলা হয়, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্যান্য বহু অঙ্গনে জনসমাগম অব্যাহত রেখে শুধু মসজিদে মুসল্লীদের সংখ্যা নির্ধারণ করা, মসজিদ বন্ধ করে দেওয়া, আগত মুসল্লীদের হয়রানি করা এবং সম্মানিত ইমাম-মুয়াজ্জিনদের গ্রেফতার করা সম্পূর্ণ অযৌক্তিক ও শরীয়ত পরিপন্থী।
তবে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কিংবা সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট রোগী বা যারা আক্রান্ত রোগীর সংস্পর্শে গিয়েছেন, নিজে বিভিন্ন রোগে আক্রান্ত, তারা ঘরেই নামায পড়বেন। এমনিভাবে বয়ো:বৃদ্ধ, দুর্বলসহ যারা অসুস্থদের সেবায় নিয়োজিত, তারা না আশার অবকাশ আছে। যারা জামাতে অংশগ্রহণ করবেন, তারাও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে মসজিদে আসবেন।
প্রেরিত বার্তায় তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের মুফতি আরশাদ রহমানী, সহ সভাপতি মাওলানা মাহমুদ আলম, মাওলানা ইউনুস, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আব্দুল হক হক্কানী এবং তানযীমের বিভিন্ন জেলার সভাপতিদের নাম উল্লেখ করা হয়।
















