নওগাঁয় ২৪ ঘন্টায় ওসি-চিকিৎসকসহ ৩২ জনের করোনা শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁয় দুই পুলিশ কর্মকর্তাসহ জেলায় আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। নওগাঁ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকারের পর একদিনেই ৩২ জনের করোনা শনাক্ত হল।

মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান ও সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলালসহ জেলার ১২৫টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ডা. মঞ্জুর এ মোর্শেদ জানান, নতুন আক্রান্ত ৩২ জনের মধ্যে পত্নীতলা থানার ওসি, পরিদর্শক (তদন্ত) এবং রানীনগর ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক রয়েছেন। করোনা শনাক্তের মধ্যে রানীনগরে ৭ জন, মহাদেবপুরে ৬ জন, নিয়মতপুরে ৮ জন, সাপাহারে ৭ জন, পত্নীতলায় ২ জন, ধামুইরহাটে ১ জন এবং বদলগাছিতে ১ জন।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় এমপি অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকারের করোনা পজিটিভ ধরা পড়েছে। কিছুদিন আগে তিনি তার নির্বাচনী এলাকায় এসেছিলেন। সে সময় এমপির সঙ্গে ছিলাম। পরে আমাদেরও নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি। আমি সুস্থ আছি।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত জেলায় মোট ৪৯ জন করোনা শনাক্ত হয়েছে।

পূর্ববর্তি সংবাদরমজান ও করোনার মধ্যেই গাজায় ইসরাইলের হামলায় এক ফিলিস্তিনি নিহত
পরবর্তি সংবাদপ্রফেসর হযরত হামীদুর রহমান সাহেব অসুস্থ: দোয়া চাই