ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের নেতা, ঢাকার ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৪ মে) রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে বলে তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান জানিয়েছেন।
১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
ফজলুর রহমান বলেন, ওনার (মকবুল হোসেনের) করোনাভাইরাস পজিটিভ এসেছিল। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন। করোনাভাইরাস সংকটের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল।
সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ফজলুর জানান।
তেজগাঁওয়ের শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মকবুল একাধিক ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। এছাড়া সিটি ইউনিভার্সিটিতে মালিকানার পাশাপাশি মোহাম্মদপুরে নিজের নামে কলেজও রয়েছে তার।
তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।
















