ইসলাম টাইমস ডেস্ক: লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের আরো ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোরে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিদেশ যেতে চান এমন লোকদের বাছাই করে তাদের লিবিয়ায় হয়ে সমুদ্রপথে ইতালি বা ইউরোপের অন্যান্য দেশে পাঠানোর চেষ্টা করতেন পাচারকারীরা। পুরো প্রক্রিয়াটি শেষ করতে পাচারকারী চক্রের একাধিক সদস্য ধাপে ধাপে কাজ করতেন বলে জানিয়েছে র্যাব।
এর আগে ১ জুন পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
হাজী কামাল ইউরোপে নিয়ে যাবার কথা বলে ১০ বছরে লিবিয়া পাচার করেছে প্রায় ৪০০ বাংলাদেশীকে। সে আন্তর্জাতিক মানব পাচার চক্রের অন্যতম হোতা। টাইলসের ঠিকাদারির পেশায় যুক্ত থাকায় নির্মাণ শ্রমিকদের সাথে যোগাযোগ ছিল তার। বেশি বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে লিবিয়া হয়ে ইউরোপে মানব পাচার করতো হাজী কামাল। লিবিয়ার বেনগাজীতে নিয়ে পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দিত বাংলাদেশীদের। সেই সাথে মুক্তিপণ আদায়ে সহায়তা করত সে। র্যাবের অভিযানে তার গুলশান বাসা থেকে তিনশ পাসপোর্ট জব্দ করা হয়। তার পাঁচ ব্যাংক অ্যাকাউন্টে টাকার খোঁজ করছে র্যাব ।
গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরো ১১ জন।
আরো পড়ুন: লিবিয়ায় বাংলাদেশি হত্যা: ড্রোন হামলায় নিহত হয়েছে ‘মূল হোতা’
















