ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচন কমিশন, সরকার ও অন্যান্য অংশগ্রহণকারীদের প্রতি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো এবং নরওয়ে ও সুইজারল্যান্ড।
সোমবার (১০ডিসেম্বর) ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের স্বাক্ষরিত এক বিবৃতিতে মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার ও দল করার স্বাধীনতাকে রক্ষা করার জন্য সব অংশগ্রহণকারীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার করার জন্য আহ্বান জানিয়েছে দেশগুলো।
এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী যেন আইন মেনে চলে, সেই বিষয়েও আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশিদের জন্য জাতীয় উন্নয়নের পথে এগিয়ে যেতে অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, স্পেন, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেছেন।
















