ভয়াবহ মানববিধ্বংসী কাজের সঙ্গে রাষ্ট্র জড়িত: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: ভয়াবহ মানববিধ্বংসী কাজের সঙ্গে রাষ্ট্র জড়িত মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আজকে গুমের সমর্থনে আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে গুম হচ্ছে, বিচারবহির্ভূত হত্যা হচ্ছে। এসব অপকর্মের সঙ্গে রাষ্ট্র জড়িত। ভিন্ন মতাবলম্বীদের ওপর চলছে নৃশংস আক্রমণ, অত্যাচার ও অমানবিক কর্মকাণ্ড। ভিন্নমতকে দমন করার জন্য রাষ্ট্রের সকল যন্ত্র প্রয়োগ করা হচ্ছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর যিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আমাদের ছেলেরা হারিয়ে যাচ্ছে, গুম হচ্ছে। একের পর এক নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। লাখ লাখ জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য। তাহলে আজকে এ পরিস্থিতি কেন? মিছিল করা যায় না, কথা বলা যায় না। আর কথা বলতে গেলে, ভিন্নমত প্রকাশ করলে সে গুম হয়ে যাচ্ছে। গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এটা অমানবিক রাষ্ট্রের একটি দৃষ্টান্ত। এখানে স্বাভাবিক জীবনযাপন করা যায় না।

দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আজকে বিরোধী দলের নেতাকর্মীরা থাকে জেলখানায় আর সরকারি দলের নেতাকর্মীরা দুর্নীতি, লুটপাট করে সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে কি এই নিষ্ঠুর দুর্নীতি-লুটপাটের জন্যই বিরোধী দলকে দমন করছেন? গুম করছেন?

পূর্ববর্তি সংবাদনিরাপত্তা প্রহরীকে মারধর ও উদ্বোধনের দুই দিন পর মসজিদের ফলক ভাঙচুর!
পরবর্তি সংবাদদেশে করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ হাজারের বেশি