ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বিরুদ্ধে নেপালের নির্বাচিত সরকার উৎখাতের ব্যাপারে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
গতকাল রোববার নিজের সরকারি বাসভবনে এক ভাষণে তিনি একথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজের।
সম্প্রতি নেপালের নতুন মানচিত্রে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়। এই কারণে তাকে ক্ষমতা থেকে সরাতে তার প্রতিপক্ষদের দিল্লি উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন ওলি।
নেপালের প্রধানমন্ত্রী বলেন, নেপালের সংবিধান সংশোধন নিয়ে ভারতে বৈঠক করা হচ্ছে। আমাদের সরকার ফেলতে ষড়যন্ত্র চলছে। ভারতীয় কর্তৃপক্ষ এবং কাঠমান্ডুতে দিল্লির দূতাবাস এই ষড়যন্ত্র করছে।
তবে এই ‘যড়যন্ত্রকে’ আমল দিতে নারাজ ওলি। বলেন, নেপালের ভূখণ্ড চিহ্নিত করায় নাখোশ ভারত। আমাদের জাতীয়তাবাদ এত দুর্বল নয়। আমরা আমাদের মানচিত্র পরিবর্তন করেছি এবং এখন যদি দেশের প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করা হয় তাহলে নেপালের জনগণের কাছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
















