ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে প্রসব বেদনায় কাতর নারীকে কোভিট-১৯ রোগী সন্দেহে হাসপাতালে ভর্তি না করায় তুলকালাম ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখিেেয়ছে।
কোনো অবস্থাতেই এ হাসপাতালে ভর্তি হতে না পেরে অবশেষে অন্য একটি ক্লিনিকে গিয়ে জমজ ছেলে সন্তান প্রসব করেন ওই নারী।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, স্থানীয় গুটিয়া গ্রামের সোহেলের স্ত্রীকে প্রচন্ড প্রসব বেদনাসহ বুধবার সকালে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রসূতির করোনার কোনো লক্ষণ না থাকা সত্ত্বেও তাকে হাসপাতালে ঢুকতেই দেয়া হয়নি। এসময় প্রসূতির চিৎকারে হাসপাতালের গেটে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের গেটে তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং হাসপাতালটি বন্ধ করে দেয়ার দাবি জানান।
বিক্ষুব্ধ এলাকাবাসীর চাপ সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগিনীকে ভর্তি না করায় অবশেষে তাকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আল-কারিম নামের ওই ক্লিনিকে আলোচিত গর্ভধারিনী দুটি ছেলে সন্তান প্রসব করেন। জমজ নবজাতকসহ প্রসূতি সুস্থ আছেন।
এলাকাবাসী জানান, গত রোববার থেকে করোনা টেস্ট হচ্ছে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সরকার নির্ধারিত ফি ৩৫০০ টাকার স্থলে হাসপাতালটিতে ৩৮০০ টাকা ও বাসা থেকে নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে ৪৬০০ টাকা ফি নেয়া হচ্ছে। হাসপাতালে করোনা টেস্ট করতে বাধ্য করার জন্যই দরিদ্র ওই প্রসূতির সাথে এমন অমানবিক আচরণ করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এব্যাপারে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো: শাহ আলম তালুকদার বলেন, ওই রোগিনী কয়েক দিন আগেও করোনার উপসর্গ জ্বর ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে এসেছিলেন। তখন তাকে করোনা পরীক্ষা করার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি পরীক্ষা না করে আবারো হাসপাতালে এলে আমাদের ডাক্তার ও নার্সরা করোনা রোগী সেন্দেহে তাকে ভর্তি করাতে রাজি হননি। তাছাড়া এধরণের রোগীর যে ধরণের সাপোর্টের প্রয়োজন আমাদের এখানে তখন সেধরণের সাপোর্ট ছিল না।
করোনা টেস্টে অতিরিক্ত টাকা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমরা মোটা অংকের অর্থ ব্যয়ে নিজস্ব পিসিআর ল্যাব স্থাপন করেছি। গত রোববার থেকে আমাদের পিসিআর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা হচ্ছে। তবে অন্যান্য প্রাইভেট হাসপাতালের চেয়ে তাদের নির্ধারিত ফি অতিরিক্ত নয় বলে তিনি দাবি করেন।
















