ইসলাম টাইমস ডেস্ক: ভরা মৌসুমে কেনাবেচায় জমে উঠেছে নওগাঁর আমের আড়ৎগুলো। লেংড়া, খিরসাপাত, নাগ ফজলি, আম্রপালি, হাড়িভাঙ্গা জাতের আমের আমদানি বেড়েছে। শেষ সময়ে আমের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা। এবারেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম বাণিজ্য হবে বলে আশা ব্যবসায়ীদের।
প্রান্তিক পর্যায়ের বাগান থেকে বিভিন্ন যানবাহনে আম বিক্রির জন্য সাপাহারের পাইকারি হাটে আনছেন বাগান মালিকরা।
সড়কের দু’পাশে সারি বেঁধে চলছে ক্রেতা বিক্রেতার হাঁকডাক। সুস্বাদু জাতের খিরসাপাত, লেংড়া, ফজলি ও আম্রপলি আমের সরবরাহ বেড়েছে। এবার আমের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা ।
ক্রেতারা বলছেন, মালিকরা লাভবান হচ্ছেন। আম্রপালি ২ হাজার থেকে ২২’শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
প্রতিমণ আম বিক্রি হচ্ছে লেংড়া ২৮শ’ থেকে ৩ হাজার টাকা, খিরসাপাত ৩ হাজার থেকে ৩২শ’ টাকা, আম্রপালি ২৮শ টাকা, হাড়িভাঙ্গা ৩ হাজার টাকা এবং ফজলি ১৫শো টাকা ।
ব্যবসায়ীরা বলছেন,আমের দর বেশি। দাম বেশি হওয়ায় এবার প্রত্যাশার চেয়ে বেশি অর্থের আম বাণিজ্য হবে বলে আশা ব্যবসায়ী সমিতির নেতার ।
সাপাহার আম আড়ত সমিতির সভাপতি কার্তিক চন্দ্র সাহা বলেন, করোনার কারণে ভেবেছিলাম আম বিক্রি করায় সমস্যা হবে। তবে তা না হয়ে সারা দেশ থেকে লোকজন আসছেন আম কিনতে।
কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় ২৫ হাজার হেক্টর জমির বাগান থেকে এবার ৪ লাখ ২০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে। যার বাজার মূল্য ধরা হয়েছে ১১শ কোটি টাকা।
















