ইসলাম টাইমস ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর উত্তরা আবাসন সংলগ্ন বোতলাগাড়ী ইউনিয়নের ঢেলাপীর হাটে অসুস্থ গরু জবাই করে গোশত বিক্রির সময় দুই কসাইকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে জব্দকৃত ৮৪ কেজি গোশত মাটিতে পুতে ফেলে নষ্ট করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ ঘটনায় আটক দুই কসাই হলেন উত্তরা আবাসনের একরামুলের ছেলে এনামুল (৩৫) ও সাবের আলীর ছেলে শামীম (২৯)।
জানা যায়, ওই দুই কসাই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী কুঠিপাড়ার আজিজের কাছ থেকে একটি অসুস্থ গরু কিনে পিকআপে করে আবাসন এলাকায় এনে গোপনে জবাই করে। আজিজের গরুটি ২ দিন আগে বাচ্চা প্রসব করতে গিয়ে বাচ্চাটি জরায়ু থেকে বেরিয়ে আসে। এতে সংক্রমিত হয়ে গরুটি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। এমনকি গরুটি চলাচলও করতে পারছিল না। এমতাবস্থায় যেকোনো সময় গরুটি মারা যেতে পারে এ আশঙ্কায় বিক্রি করে দেয়।
সেই গরুটিকে জবাই করেই গোশত ঢেলাপীর হাটে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো: রমিজ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই কসাইকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পান। এতে কসাইদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা এবং গরুর গোশত জব্দ করেন। পরে জব্দকৃত গোশত মাটিতে পুতে ফেলে নষ্ট করা হয়।
উল্লেখ্য, ঢেলাপীর হাটে প্রায়ই অসুস্থ ও মরা গরু জবাই করে গোশত বিক্রি করা হয়। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালালেও আবারো একইভাবে চলতে থাকে। এসব ব্যবসায়ীর জরিমানা হলেও স্থায়ী কোনো শাস্তি না হওয়ায় তারা আবারো চালিয়ে যায় তাদের অবৈধ ব্যবসা। সচেতন মহলের অভিযোগ কোনো প্রভাবশালীর জোরে তারা এভাবে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
















