ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক স্থাপনা ওয়াজির খান মসজিদ প্রাঙ্গণে নাচ-গানের অনুমতি প্রদানে মসজিদের ম্যানেজার ইশতিয়াক আহমদকে বরখাস্ত করা হয়েছে।
পাঞ্জাবের আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে,পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক স্থাপনা ওয়াজির খান মসজিদ প্রাঙ্গণে একটি গানের শুটিং করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। প্রতিবাদের কয়েক দিন পরই মসজিদের ম্যানেজারকে বরখাস্ত করা হয়।
জিও নিউজে প্রকাশিত তথ্য মতে, মসজিদ প্রাঙ্গণে শুটিং করার অনুমোদন দাতাদের চিহ্নিত করতে মন্ত্রণালয়ের অর্থ বিভাগীয় প্রধানের নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়। এদিকে লাহোরসহ অন্যান্য এলাকায়ও অভিযুক্ত অভিনেতা ও অভিনেত্রীর শাস্তির দাবীতে প্রতিবাদ হয়েছে।
মসজিদ কর্তৃপক্ষের অনুমোদন লাভের জন্য শুটিংয়ের আগে কোম্পানির পক্ষ থেকে ৩০ হাজার রুপি জামানত হিসেবে প্রদান করা হয়।
জিও নিউজকে বরখাস্ত কর্মকর্তা ইশতিয়াক বলেন, আসলে মসজিদ প্রাঙ্গণে কোনো নাচ-গান হয়নি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি মূলত শুটিংয়ের পরের দৃশ্যের এডিট করা একটি ভিডিও।
পাঞ্জাবের আওকাফ মন্ত্রী সাহেবাজাদা সাইদুল হাসান বলেন, ভিডিও শুটিং অনেক প্রশ্ন তৈরি করেছে। অনুমতিদাতারা যত বড় পর্যায়ের হোক, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সম্মুখীন হন মসজিদ প্রাঙ্গণে নাচ-গানের শুটিং করা অভিনেতা ও অভিনেত্রী। তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। অনেকে ধর্মীয় স্থাপনা অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছে।
সূত্র: জিও নিউজ
















