অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল লেবানন সরকারকে

ইসলাম টাইমস ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ নিয়ে গত জুলাই মাসে দেশটির প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছিল। লেবাননের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারকে সতর্ক করার দুই সপ্তাহের মধ্যে লেবানের রাজধানী বৈরুতের বন্দরে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। এছাড়া প্রায় ৬ হাজারের মত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

জানা গেছে, গত ২০ জুলাই লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক অধিদফতর থেকে প্রেসিডেন্ট মিশেল আউন এবং প্রধানমন্ত্রী হাসান দিয়াবের একটি চিঠি পাঠানো হয়। তবে রয়টার্স বলছে ওই চিঠিতে কি ছিল তারা সেই বিষয়ে এখনো নিশ্চিত নয়। তবে লেবাননের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন জানুয়ারিতে শুরু হওয়া একটি বিচার বিভাগীয় তদন্তের ফলাফলের সংক্ষিপ্তসার ছিল ওই চিঠিতে। যেখানে অবিলম্বে রাসায়নিকগুলোকে সুরক্ষিত করা দরকার বলে সতর্ক করা হয়েছিল।

ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই রাসায়নিকগুলো চুরি করে সেগুলো দিয়ে যে কেউ সন্ত্রাসী হামলা চালাতে পারতো। এ নিয়ে তদন্তের পর একটি চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে পাঠানো হয়েছিল। আমি বলেছিলাম যে যদি এটি বিস্ফোরিতে হয় তাহলে এটি বৈরুতকে ধ্বংস করে দেবে।

এদিকে সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

পূর্ববর্তি সংবাদঅবশেষে ডিসেম্বরে পরীক্ষা ছাড়াই সমাপ্ত হচ্ছে শিক্ষাবর্ষ
পরবর্তি সংবাদভূমধ্যসাগরে হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসরাইলকে যে বার্তা দিল