ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংকটকালে কাজ হারিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ৬১ হাজার ২১৮ বাংলাদেশী কর্মী দেশে ফেরত এসেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শনিবার (১৫ আগস্ট) সকালে প্রবাসীকল্যাণ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ইউরোপসহ বিশ্বের অর্থনৈতিক মন্দাই এসব কর্মীদের ফিরে আসার প্রধান কারন বলে জানান তিনি ।
মন্ত্রী এসময় আরো বলেন, করোনা আক্রান্তদের জন্য দুই’শ কোটি টাকা ও বিদেশ ফেরত সবার জন্য আরও পাঁচ’শ কোটি টাকার ঋণ সহায়তা দেয়া হবে।
এছাড়া, বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা বাড়াতে তাদের প্রশিক্ষণও দেয়া হবে বলে জানান প্রবাসী মন্ত্রী।
সকাল সাড়ে আটটায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীনসহ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা কর্মচারিরা প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
















