করোনাভাইরাস রুগ্ণ সংবাদপত্রশিল্পের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে: নোয়াব

ইসলাম টাইমস ডেস্ক: করোনাকালীন পরিস্থিতিতে সংবাদপত্রশিল্পকে রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। শুক্রবার এক বিবৃতিতে নোয়াব বলেছে, কোভিড-১৯ অতিমারির প্রভাবে বাংলাদেশসহ বিশ্বব্যাপী অর্থনীতি থমকে গেছে। এর মারাত্মক প্রভাব পড়েছে দেশের সংবাদপত্রশিল্পের ওপর। এ শিল্প এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। এমন পরিস্থিতিতে সংবাদপত্রশিল্পকে রক্ষায় সহজ শর্তে ঋণ ও প্রণোদনা এবং সরকারের কাছে পাওনা বিপুল পরিমাণ বিজ্ঞাপনের বিল দ্রুত পরিশোধের ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে নোয়াব।

বিবৃতিতে বলা হয়, সব পত্রিকা বিক্রির সংখ্যা অনেক কমে গেছে। একইভাবে বিজ্ঞাপনও কমেছে ভীষণভাবে। ঢাকাসহ সারা দেশে অনেক সংবাদপত্র প্রকাশ বন্ধ হয়ে গেছে। বেশ কিছু পত্রিকা এখন শুধু অনলাইনে প্রকাশিত হচ্ছে। বহু পত্রিকা তাদের কর্মীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করতে পারছে না। যে পত্রিকাগুলো ছাপা চালু রেখেছে, তারা বাধ্য হয়ে ব্যয় সংকোচনের নানা পদ্ধতি খুঁজছে। পত্রিকার পৃষ্ঠাসংখ্যা কমানো, ছাপার পরিমাণ কমানো, রঙিন পৃষ্ঠা কমিয়ে দেওয়া, প্রশাসনিক ব্যয় কমানো প্রভৃতি উপায়ে তারা ব্যয় কমিয়ে টিকে থাকার চেষ্টা করছে।

 

বিশ্বায়ন ও ডিজিটাল মিডিয়ার যুগে ছাপা সংবাদপত্র এমনিতেই রুগ্ণশিল্পে পরিণত হয়েছিল। করোনাভাইরাসের মহামারি রুগ্ণ সংবাদপত্রশিল্পের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। সারা দেশে পত্রিকা বিক্রি কমে গেছে প্রায় দুই-তৃতীয়াংশ। বিজ্ঞাপনের আয় কমে নেমে এসেছে এক-চতুর্থাংশে। সব দিক থেকে আয় কমে যাওয়ায় কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা যাচ্ছে না। কেউ অর্ধেক দিচ্ছে, অনেকে তা–ও দিতে হিমশিম খাচ্ছে। সব রকমের ব্যয় কমানোর চেষ্টা করেও পত্রিকাগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। চট্টগ্রামে সব পত্রিকা ছাপা ও বিতরণ কার্যত বন্ধ হয়ে ছিল বেশ কিছুদিন।

এই পটভূমিতে সংবাদপত্রশিল্পের টিকে থাকাই এখন বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে। এমন অবস্থায় নোয়াব সরকারের কাছ থেকে সংবাদকর্মীদের বেতন-ভাতা, এই শিল্পের ব্যয়, সামগ্রিকভাবে সংবাদপত্রশিল্পকে রক্ষার জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা জরুরি প্রয়োজন বলে অনুভব করছে। একই সঙ্গে সরকারের কাছে পাওনা বিপুল বিজ্ঞাপনের বিল দ্রুত দেওয়ার ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছে। একই সঙ্গে সংবাদপত্রশিল্প–সংশ্লিষ্ট শুল্ক, ভ্যাট ইত্যাদি নিয়ে জটিলতা নিরসনে দ্রুত ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের দাবি জানাচ্ছে।

নোয়াব সব পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট ও হকারদের এই দুঃসময়ে নিজ নিজ অবস্থান থেকে পাশে থাকতে এবং সরকারসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতি সংবাদপত্রশিল্পকে রক্ষার জন্য এগিয়ে আসার আবেদন জানিয়েছে।

 

পূর্ববর্তি সংবাদসামাজিক মাধ্যমে শিশুদের তথ্য ও ছবি: নৈতিকতা ও মূল্যবোধের ‍উপর জোর দিলেন বিশেষজ্ঞগণ
পরবর্তি সংবাদদু বছরের মধ্যে করোনা দূর হবে, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা