আদালত অবমাননা: ক্ষমা চেয়ে রক্ষা পেলেন আইনজীবী

ইসলাম টাইমস ডেস্ক: দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে রক্ষা পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

আদালত অবমাননা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি বিবেচনায় নিয়ে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চুয়াল তাকে নিষ্কৃতি দিয়েছে।

এ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটির নিষ্পত্তি করে দেওয়া এই রায় ঘোষণা করেন বেঞ্চের সদস্য বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

এসময় ভার্চুয়াল আপিল বেঞ্চে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, আইনজীবী এ এম আমিন উদ্দিন, সম্পাদক রুহুল কুদ্দস কাজল।

আদালত অবমাননাকারী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব তখন আপিল বিভাগের প্রধান বিচার কক্ষে সশরীরে হাজির ছিলেন। সেখান থেকে তাকে ভার্চুয়াল কোর্টে যুক্ত করা হয়।

জানতে চাইলে আইনজীবী রুহুল কুদ্দস কাজল বলেন, “আদালত রায়ে বলেছেন, যেহেতু আদালত অবমাননাকারী তার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং এই মর্মে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে, ভবিষ্যতে তিনি আদালত অবমাননাকর কাজ করবেন না এবং এধরনের কাজ থেকে বিরত থাকবেন, এই বিবেচনা করে এই মামলার পরবর্তী কার‌্যক্রম না চালানোর সিদ্ধান্ত নিয়ে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছি।

তবে ভবিষ্যতের জন্য এই মামলার কার্যক্রম ধারণ করা হয়েছে, সংরক্ষণ করা হবে।”

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ১২ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চের বিচারকাজ চলার সময় আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ফেইসবুক পোস্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচার বিভাগ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

এরপর এ আইনজীবীকে তলব করে আপিল বিভাগ। এই মন্তব্যের কারণে তার বিরুদ্ধে  কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, আপিল বিভাগের এক প্রধান বিচার কক্ষে সশরীরে হাজির হয়ে তার ব্যাখ্য দিতে বলে আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাজির হয়ে ভুল শিকার করে নিঃশর্ত ক্ষমা চান আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। সে অনুযায়ী আদালত রোববার এ রায় দেয়।

পূর্ববর্তি সংবাদসিলেটে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে
পরবর্তি সংবাদইসরাইল-আমিরাত চুক্তি: লাভ-ক্ষতি মিলিয়ে শেষরক্ষা কি হবে?