ইসলাম টাইমস ডেস্ক: জীবিকার টানে ও পরিবারের ঋণ পরিশোধ করতে লেবাননে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার যুবক আবু জামাল (২৫)। সম্প্রতি লেবাননে বিস্ফোরণে আহত এই যুবক ২১ দিনের মাথায় মারা গেলেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে লেবাননের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবু জামাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের দুধ মিয়ার ছেলে। চার ভাই ও তিন বোনের মধ্যে জামাল চতুর্থ ও ভাইদের মধ্যে তৃতীয়।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, লেবাননের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামালের মৃত্যু হয়েছে বলে পরিবারের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে খোঁজ নেওয়া হবে। খোঁজ নিয়ে জেলার প্রবাসীকল্যাণ শাখার মাধ্যমে তাঁর লাশ দেশে দ্রুত আনার ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন ছিলেন বাংলাদেশি।
















