ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে চিকিৎসাধীন দগ্ধ পাঁচজনের অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। তবে তারা এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ডা. পার্থ বলেন, দগ্ধ পাঁচজনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের ক্লোজ মনিটরিং করা হচ্ছে। আজ একজনকে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে ড্রেসিং করা হচ্ছে। নিয়ম অনুযায়ী দগ্ধ সবারই ড্রেসিং করা হয়।
তিনি বলেন, তাদের শারীরিক অবস্থা কিছুটা ইমপ্রুভ হচ্ছে। যেহেতু তাদের শ্বাসনালী দগ্ধ রয়েছে এজন্য হঠাৎ এসব রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। পাঁচজনকেই যাতে বাঁচাতে পারি সেই মতো কাজ করে যাচ্ছি। এখনও বলা যাচ্ছে না তারা শঙ্কামুক্ত। আশঙ্কাজনক বলেই সবাইকে আইসিইউতে রাখা হয়েছে।
আইসিইউতে চিকিৎসাধীন পাঁচজন
দগ্ধদের মধ্যে ফতুল্লার পশ্চিম তল্লার মনু মিয়ার ছেলে আব্দুল আজিজের (৪০) শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। তিনি পেশায় লন্ড্রি ব্যবসায়ী। তার এক ছেলে এক মেয়ে। ছেলে আবু সাঈদ (১৬) ও মেয়ে সামিয়া (১০) দুজনই মাদরাসার শিক্ষার্থী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আব্দুল আহাদের ছেলে আমজাদ হোসেনের (৩৯) শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তিনি একটি পোশাক কারখানার গাড়িচালক। তিনি আইসিইউতে ১৯ নম্বর বেডে চিকিৎসাধীন।
আমজাদের ভাই মোহন মিয়া জানান, নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় থাকতেন আমজাদ হোসেন। রাইচা (৫) নামে এক কন্যাসন্তানের জনক তিনি।
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাসিন্দা শাহাদাত হোসেন সিফাতের (১৮) শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে। স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি চেষ্টা করছিলেন তিনি। তার বাবা মো. স্বপন শেখ ডেকোরেটরের কাজ করেন। তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় তিনি।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আসিয়ান ডাঙ্গরী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফরিদের (৫৫) শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। আইসিইউয়ের ২০ নম্বর বেডে চিকিৎসাধীন। পেশায় কৃষিকাজ করেন গ্রামে। দুই ছেলে ও দুই মেয়ের জনক।
তার স্ত্রী রীনা বলেন, ঘটনার আগের দিন বৃহস্পতিবার নারায়ণগঞ্জের তল্লায় মেয়ে খাদিজার বাসায় বেড়াতে আসেন মো. ফরিদ।
পটুয়াখালীর চুন্নু মিয়ার ছেলে মো. কেনান (২৪) গার্মেন্টকর্মী। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ। বর্তমানে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় পরিবার নিয়ে থাকেন। তার এক ছেলে রয়েছে। নাম রাফি (২)।
আরো পড়ুন: মসজিদে বিস্ফোরণ: লিকেজ হওয়া পাইপটি পরিত্যক্ত ২২ বছর ধরে, গ্যাস বন্ধ করেনি তিতাস
তল্লার ইমাম মাওলানা আ. মালেক নেসারী র., এক নিভৃতচারী আদর্শ মানবের গল্প
নারায়ণগঞ্জ মসজিদে গ্যাস লিকেজের প্রমাণ মিলেছে: সিআইডি
















