ইসলাম টাইমস ডেস্ক: ইন্দোনেশিয়ার লামপাং প্রদেশের উপকূল এলাকায় ভয়াবহ সুনামিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৮৪ জন।
শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে দ্য ওয়েদার চ্যানেল।
সংবাদমাধ্যম জানায়, শনিবার দিবাগত রাতে বড় ধরনের সুনামি আঘাত হানে লামপাং প্রদেশটির সুন্দা স্ট্রেইটের চারপাশের সৈকতগুলোতে। এতে মুহূর্তেই ভেসে যায় আশপাশের স্থাপনাগুলো।
এছাড়া উচ্চ গতির এ সুনামিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে তারা ওই এলাকায় বড় ধরনের সতর্কতাও জারি করেছে।
ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) বলছে, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির প্রভাব থেকে এর উৎপত্তি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এ সুনামির একটি ভিডিওতে দেখা গেছে, বেশ উচ্চ গতিতে সৈকতগুলোতে আঘাত হানছে সুনামি। আর এতে মুহূর্তেই ভেসে যাচ্ছে আশপাশের স্থাপনা।
এর আগে সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। যাতে নিহত হয়েছিল প্রায় এক হাজার ২০০ মানুষ।
















