সমুদ্র-অর্থনীতি: সম্ভাবনার পূর্ণ সুফল ঘরে তুলতে চায় বাংলাদেশ

ইসলাম টাইমস ডেস্ক: জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, সমুদ্র অর্থনীতির সম্ভাবনার পূর্ণ সুফল ঘরে তুলতে সমুদ্র সম্পদে, বিশেষ করে জাতীয় সমুদ্র সীমানার বাইরে এবং আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত এলাকায় ন্যায়সঙ্গত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন।

 

রাষ্ট্রদূত ফাতিমা বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার রূপকল্প-২০৪১ এর অভীষ্ট লক্ষ্য অর্জনে আমরা দেশের সমুদ্র সম্পদের কার্যকর ব্যবহার ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সক্ষমতা বিনির্মাণে ব্যাপকভাবে বিনিয়োগ করছি। প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমার শান্তিপূর্ণ মীমাংসার পর সমুদ্র অর্থনীতি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষসহ অন্যান্য অংশীজনদের সাথে গভীর সমুদ্র এলাকায় যৌথভাবে গবেষণা পরিচালনা করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান স্থায়ী প্রতিনিধি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের মহাসচিব মাইকেল ডব্লিউ লজ। এ ছাড়া কোরিয়ার সমুদ্র ও মৎস্য সম্পদমন্ত্রী, নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি এবং জাতিসঙ্ঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে।

ইজে

পূর্ববর্তি সংবাদআফগান যুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছিল অস্ট্রেলিয়ান সেনারা
পরবর্তি সংবাদপূর্ব জেরুজালেমে ইহুদি বসতিকে অবৈধ বলল রাশিয়া