আবারো প্রায় অর্ধশত চীনা অ্যাপ নিষিদ্ধ করে তলানিতে ভারত-চীন সম্পর্ক

ইসলাম টাইমস ডেস্ক: আরও অবনতির পথে ভারত–চিন দ্বিপাক্ষিক সম্পর্ক। লাদাখ (Ladakh) ইস্যুতে একাধিক আলোচনা চলছে। দু’‌দেশই শর্তসাপেক্ষে সেনা প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছে। এর মধ্যেই ফের একবার চিনের (China) উপর ডিজিটাল স্ট্রাইক করেছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার।

সম্প্রতি নতুন করে আরও ৪৩টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর বিষয়টিই ভালভাবে নেয়নি পড়শি চিন। ইতিমধ্যে সেদেশের সংবাদমাধ্যমে কড়া বিবৃতিও দিয়েছেন চিনের মুখপাত্র জি রং। পরিষ্কার জানিয়েছেন, দেশের নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতের বারংবার একই পদক্ষেপ মোটেই ভালভাবে নেয়নি বেজিং (Beijing)।

এক সাক্ষাৎকারে চিনের মুখপাত্র বলেন, ‘‌‘‌বারংবার জাতীয় নিরাপত্তার অজুহাতে ভারত যেভাবে চিনা অ্যাপগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করছে, তার তীব্র বিরোধিতা করছে বেজিং। আশা করি, ভারত নিজের ভুল শুধরে নেবে এবং সেদেশে ব্যবসার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেবে।’‌’ এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, বেজিং কোনওসময় চায় না, চিনের কোনও সংস্থাই ব্যবসার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মকানুন ভাঙুক। এব্যাপারে সবসময় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চিন। এরপরই তিনি বলেন, ‘‌‘‌আলোচনার মাধ্যমেই নিজেদের বানিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ককে সঠিক পথে চালিত করতে পারে দুই দেশ। এতে ভারত–চিন দু’‌দেশই লাভবান হবে।’‌’

এদিকে, মঙ্গলবারই ৪৩টি চিনা অ্যাপকে (Chinese mobile apps) নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অভিযোগ, এই অ্যাপগুলি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য ক্ষতিকর। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা মেনে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ২৯ জুন ও ২ সেপ্টেম্বরও বেশ কিছু অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছিল। সেগুলিরও সিংহভাগই চিনা অ্যাপ।

মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য ক্ষতিকর এমন কার্যকলাপে যুক্ত থাকার বিষয়ে খবর মেলার পর দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, নিরাপত্তার জন্য এই অ্যাপগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হল।

এদিন যে ৪৩টি অ্যাপ নিষিদ্ধ হল তার মধ্যে রয়েছে আলি এক্সপ্রেস, স্ন্যাক ভিডিও, ক্যাশিয়ার ওয়ালেট, উই ডেট, ম্যাঙ্গো টিভি, হ্যাপি ফিশ ইত্যাদি। গত ২৯ জুন ১১৮টি অ্যাপ নিষিদ্ধ হয়েছিল। আর ২ সেপ্টেম্বর নিষিদ্ধ হয় আরও ৫৯টি অ্যাপ। সেই অ্যাপগুলির বিরুদ্ধেও ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে ওঠার অভিযোগ ছিল।

লাদাখে ভারত চিন সীমান্তে সংঘাতের পর থেকে চিনা পণ্য বয়কটের সঙ্গে সঙ্গে চিনা অ্যাপগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করে ভারত ৷ অ্যাপগুলির মাধ্যমে ভারতের নাগরিকদের তথ্য চুরি করছে চিন, চালানো হচ্ছে নজরদারি, এমন একের পর এক অভিযোগের ভিত্তিতে দফায় দফায় বিপজ্জনক চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করতে শুরু করে কেন্দ্র ৷

এই রোষানলে পড়ে এর আগে ভারতে বহুল জনপ্রিয় অ্যাপ টিকটক ও পাবজির মতো গেমিং অ্যাপও নিষিদ্ধ হয়েছে ৷ এবার নতুন করে আরও ৪৩টি চিনা অ্যাপের ভারতে ব্যবহার নিষিদ্ধ করল সরকার ৷ সরকারি সূত্রে খবর, অ্যাপগুলির কারণে বিপদে ভারতের সার্বভৌমত্ব, সংহতি, সুরক্ষা, প্রতিরক্ষা ৷ ভারতের জনসুরক্ষাবিরোধী কাজে জড়িত থাকার জন্য এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হল বলে জানিয়েছে কেন্দ্র ৷

সূত্র: সংবাদ প্রতিদিন

এম এস আই

পূর্ববর্তি সংবাদশরীয়তপুরে ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদকরোনা: সারাদেশে একদিনে সুস্থ ১৩০২, মৃত্যু ৩৯