ইসলাম টাইমস ডেস্ক: পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আনতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের’ পাইপলাইন স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উপজেলার সোনাপুকুরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এই কাজ উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক।
প্রকল্প পরিচালক টিপু সুলতান বলেন, ভারতের শিলিগুলির নুমালীগড় থেকে পাইপলাইনে পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল আমদানির জন্য এই উদ্যোগ। ১৩১ কিলোমিটার পাইপলাইন দিয়ে সরাসরি তেল আসবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর সে বছেই দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিপিসির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। পাইপলাইনের পাশাপাশি চার হাজার ৮০০ মেট্রিকটন ধারণক্ষমতার ছয়টি তেলের ট্যাংক ও দুটি ফায়ার ওয়াটার ট্যাংক নির্মাণ করা হবে।
“কাজ শেষ হলে ভারত থেকে সরাসরি তেল আসবে। এতে পরিবহন খরচ কম হবে। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সংকট হবে না।
ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কানট্রি ম্যানেজার রাংকিশান খংগয়ের, পদ্মা ওয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মো. নাহিদ হাসান অনুষ্ঠানে ছিলেন।
রাংকিশান খংগয়ের সাংবাদিকদের বলেন, পাইপলাইনের পাঁচ কিলোমিটার রয়েছে ভারতে। বাকিটা বাংলাদেশে। ভারতের অংশের কাজ যথাসময়ে শেষ হবে তিনি আশা করেন।
-এসএন
















