ইসলাম টাইমস ডেস্ক: ভাস্কর্য ইস্যু নিয়ে সৃষ্ট সঙ্কট থেকে উত্তরণে দেশের আলেমদের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেহেতু আমরা আলোচনা শুরু করেছি, শিগগির এর একটি ফলপ্রসূ সমাধান পাবেন। তারা (আলেমরা) যে পাঁচটি প্রস্তাব দিয়েছেন, সেসব নিয়ে আলোচনা চলবে। আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। আমরা সংবিধানের বাইরে কোনো কিছুই করব না।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ভাস্কর্যের বদলে মিনার নির্মাণে আলেমরা যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে মন্ত্রী বলেন, তারা ভাস্কর্যের বিপরীতে মিনার স্থাপনের প্রস্তাব দিয়েছেন। আলেমরা বঙ্গবন্ধুর নামে মিনার স্থাপনের প্রস্তাব করছেন। কী করা হবে, এসব নিয়ে আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
আলেমরা আন্দোলন করবেন না বলে কথা দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ যেন ভাঙচুর বা আইনশৃঙ্খলা নষ্ট না করে, সে বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। ফেসবুকের অপপ্রচার বন্ধে আমাদের সজাগ হতে বলেছেন। তারা (আলেমরা) বলেছেন, কোনো রকম আন্দোলন তারা করবেন না। তারা ৫ টি প্রস্তাব আলাপ-আলোচনার মাধ্যমে শেষ করতে চান।
ভাস্কর্য সরানো হবে কি না বা নির্মাণকাজ বন্ধ রাখা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয় নিয়েও আলোচনা চলছে।
আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ নতজানু রাজনীতি করে না। আলোচনা শুরু হয়েছে এবং চলবে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রতিক পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সোমবার রাতে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। রাত সাড়ে নয়টার দিকে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। মন্ত্রীর সঙ্গে তারা ঘণ্টাখানেক আলোচনা করেন।
বৈঠকে আলেমদের পক্ষে নেতৃত্ব দেন কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। ১২ জন আলেম ওই বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদী সাংবাদিকদের জানান, আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে, আলোচনা চলবে। তবে এ বিষয়ে মঙ্গলবার বিস্তারিত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগে গত ৫ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় শীর্ষ আলেমদের বৈঠক থেকে ৫ দফা প্রস্তাব জানানো হয়। ওই বৈঠক থেকেই সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়।
-এনটি
















