বাক স্বাধীনতা খর্বের অভিযোগ এনে কমিশন সভা বর্জন করলেন মাহবুব তালুকদার

ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচন কমিশনার মাহবুব তালকুদার বাক স্বাধীনতা ‘কেড়ে নেয়ার’ অভিযোগ তুলে ‘নোট অব ডিসেন্ট’ নির্বাচন কমিশনের সভা বর্জন করেছেন।

সোমবার কমিশনের ৩৬তম সভা শুরুর পর ১০ মিনিটের মাথায় তিনি সভাকক্ষ থেকে বেরিয়ে আসেন। তবে বেরিয়ে আসার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

অন্যদিকে মাহবুব তালুকদার বের হয়ে আসার পর বাকি তিন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরীকে নিয়ে বৈঠক চালিয়ে যান সিইসি নূরুল হুদা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ ৫ দফা প্রস্তাব নিয়ে সভায় বক্তব্য দিতে চেয়েছিলেন এই নির্বাচন কমিশনার। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে তিনি বেরিয়ে যান।

নির্বাচনী দায়িত্বে সেনাবাহিনীর কার্যপরিধি নির্ধারণ, সবার জন্য সমান ‍সুযোগ রেখে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন, ভোটে নিরপেক্ষতা নিশ্চিত করা, ইসির সক্ষমতা বৃদ্ধি এবং সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে নিজের মতামত সেখানে তিনি তুলে ধরেন বলে জানা গেছে।

নোট অব ডিসেন্টে তিনি লিখেছেন, ‘নির্বাচন কমিশন কোনোভাবেই আমার অধিকার খর্ব করতে পারে না, বাক স্বাধীনতা ও ভাব প্রকাশের স্বাধীনতা আমার সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার। এমতাবস্থায় অনন্যোপায় হয়ে আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট প্রদান করছি এবং প্রতিবাদ স্বরূপ কমিশন সভা বর্জন করছি।’

পূর্ববর্তি সংবাদডিজিটাল নিরাপত্তার আইনের পর আসছে সমপ্রচার আইন-২০১৮
পরবর্তি সংবাদডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধন