ইসলাম টাইমস ডেস্ক: আচমকা হামলা চালিয়ে প্রকাশ্যে সাতজনকে নির্মমভাবে খুন করেছে এক আততায়ী। তাকে বাধা দিতে গিয়ে জখম হয়েছেন একজন পুলিশকর্মীসহ আরো সাতজন। রোববার ঘটনাটি ঘটেছে চীনের উত্তর–পূর্ব প্রান্তে অবস্থিত লিয়নিং প্রদেশের কাইয়ুন শহরে। ওই আততায়ীকেও পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। তার পরিচয় এখনো জানা যায়নি।
কাইয়ুন শহরের একটি রাস্তায় আচমকা পথচারীদের উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় এক আততায়ী। তারপর এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে। এর জেরে অনেক মানুষকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কিছু মানুষ ও কর্তব্যরত পুলিশকর্মীরা ওই দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তাদেরও ধারালো অস্ত্র দিয়ে জখম করে অভিযুক্ত। যদিও শেষ রক্ষা হয়নি। সাতজনকে জখম করলেও তাকে গ্রেফতার করতে সক্ষম হন ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা।
কাইয়ুন শহরের পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে এই হামলার কারণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের জখম গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
সূত্র : আজকাল
ইজে
















