উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ইসলাম টাইমস ডেস্ক: উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম আজ সোমবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিক্রি শুরু হবে। আগামী ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ফরম জমা দেয়া যাবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ রোববার সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।

মনোনয়নপ্রত্যাশীরা জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।

এর আগে রোববার প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট নেয়া হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা নেওয়ার তারিখ ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে ১০ মার্চ। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপে ভোট ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোট হবে ১৮জুন।

রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে তার সভা কক্ষে কমিশনের ৪৫তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

পূর্ববর্তি সংবাদইসলাম ছাড়া জাতির মুক্তি নেই : খেলাফত মজলিস
পরবর্তি সংবাদপঙ্গু হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত