কুষ্টিয়ায় খেলার সময় মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু 

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ায় খেলার সময় মাটির নিচে চাপা পড়ে দুই শিশু মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরেক শিশু।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ খালপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, গোড়দহ গ্রামের মন্টু মণ্ডলের ছেলে আকাশ (১২) ও মৃত হাশেমের ছেলে তারিকুল (১২)। আহত শিশুটির নাম লিখন (১০), সে একই গ্রামের নাসিরের ছেলে।

জানা গেছে, আকাশ, তারিকুল ও লিখন নামের তিন শিশু বাড়ির পাশের মসলেম মণ্ডলের ছেলে আয়নালের জমির উচু মাটির টিলার নীচে খেলা করছিল। হঠাৎ উচু মাটির টিলার একাংশ ভেঙে পড়ে ওই তিন শিশুর উপর।

এলাকাবাসী মাটি সরিয়ে উদ্ধার করার আগেই আকাশ ও তরিকুল মারা যায়। তারপরও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পূর্ববর্তি সংবাদউন্নয়ন ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সশস্ত্র বাহিনীকে অবদান রাখতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদসুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ব্রিজ ভেঙ্গে ট্রাক পানিতে, ২ হেলপার নিহত