২০ ও ১২ হাজার টাকা বাড়িয়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: হজ পালনের খরচ গত বারের চেয়ে বাড়ছে। সম্প্রতি হজ-বিমানের টিকিট মূল্য কমানোর ঘোষণা দেয়ার পরও হজ পালনের খরচে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো দুটি প্যাকেজে হজ পালনের খরচ বেড়েছে।

সোমবার পবিত্র হজে যাওয়ার খরচ নির্ধারণ করে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এ প্যাকেজ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুই ধরনের খরচের হিসাব রাখা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১-এর আওতায় সব মিলিয়ে খরচ পড়বে ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। গত বছরের চেয়ে ২০ হাজার ৫৭১ টাকা বেড়েছে এবার। প্যাকেজ-২-এর অধীনে খরচ পড়বে সব মিলিয়ে ৩ লাখ ৪৪ হাজার টাকা। এ প্যাকেজে গতবারের চেয়ে ১২ হাজার ৬৪১ টাকা বেড়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য খরচ ৩ লাখ ৪৪ হাজার টাকা নিচে হওয়া যাবে না। এবারে বিমানভাড়া ঠিক করা হয়েছে ১ লাখ ২৮ হাজার টাকা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ হজ প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৯-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সচিব জানান, বাংলাদেশ থেকে এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার সুযোগ পাবেন ১ লাখ ২০ হাজার জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট পবিত্র হজ হতে পারে।

পূর্ববর্তি সংবাদউলামা বিদ্বেষ দিয়ে শুরু হয় কাদিয়ানিদের দাওয়াত : মাওলানা আবু সালমান
পরবর্তি সংবাদসুইডিশ নারী ফুটবলারের ইসলাম গ্রহণ