বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইসলাম টাইমস ডেস্ক : আজ প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকের আওতায় সামরিক প্রশিক্ষণ, অনুশীলন ও শিক্ষা, সামরিক তথ্য ও গোয়েন্দা, প্রতিরক্ষা শিল্প, সরবরাহ ও রক্ষণাবেক্ষণ, পরিদর্শন ও দক্ষতা বিনিময়, সামরিক চিকিৎসা ও গবেষণা, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম, বিজ্ঞান ও প্রযুক্তি, সামরিক সদস্য বিনিময়, সামুদ্রিক নিরাপত্তা ও জলদস্যু প্রতিরোধ ক্ষেত্রে সহযোগিতা করবে।

বাংলাদেশের পক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন সেদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চীফ অব স্টাফ লে. জেনারেল মুতলাক বিন সালিম আল উজাইমিয়া।

এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, দূতাবাসের মিশন উপ-প্রধান ড. মো. নজরুল ইসলাম ও ডিফেন্স এট্যাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরীও উপস্থিত ছিলেন।

সৌদি আরব ও বাংলাদেশ প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য বাস্তবায়ন কর্মসূচী গ্রহণ করতে পারবে এবং এই সমঝোতা স্মারক বাস্তবায়নের উদ্দেশে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

পূর্ববর্তি সংবাদবিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করবেন না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদকাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভড পুলিশ ফোর্সের ১৮ সদস্য নিহত