ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষিত নারীর পরিচয় গোপন করে তার সামাজিক সম্মান রক্ষা এবং সমাজের সামনে ধর্ষকের পরিচয় প্রকাশের আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, যারা (ধর্ষণ) করে তাদের প্রতি ঘৃণা এবং আমি বলব তাদের নাম, পরিচয় ভালোভাবে প্রচার করা কর্তব্য, যাতে করে সমাজের সর্বস্তরের মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। তা ছাড়া আইনগত ব্যবস্থা তো তাদের বিরুদ্ধে নেওয়া হবেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এটা কেবল বাংলাদেশের সমস্যা নয়, উন্নত সভ্য দেশেও এই সমস্যা রয়েছে। কাজেই এর বিরুদ্ধে আরও জনমত সৃষ্টি করা দরকার।’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি মিয়া সেপো বিশেষ অতিথির বক্তৃতা দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা মনে রাখত হবে, শুধু আইন করলেই নারীর প্রতি সহিংসতা এবং বৈষম্য দূর হবে না। এ জন্য সমাজে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার। এ ক্ষেত্রে আমাদের সকলের মা-বোনেরা যেখানে যাঁরা আছেন সকলকেই এক হয়ে কাজ করতে হবে।’
















