ইসলাম টাইমস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসফিল্ডের ১নং লোকেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্বিসের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে তিতাস গ্যাস ফিল্ডের ১ এবং ২নং গ্যাস কূপের।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর থেকেই জাতীয় গ্রিডে অন্তত ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস ফিল্ডের একটি সূত্র জানায়, গতকাল বিকেলে গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনের অগ্নিশিখা প্রজ্বালন লাইনের পাশে জমে থাকা অপরিশোধিত জ্বালানি তেল থেকে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কয়েকশ’ ফুট ওপরে উঠে যায়।
ফ্লেয়ার লাইনের কয়েকশ’ গজের মধ্যেই তিতাস গ্যাস ক্ষেত্রের ১ এবং ২নং কূপ থাকায় দ্রুত এসব কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে এসব কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঘটনার পর বিজিএফসিএলের অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে সরাইল ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাকরিয়া হায়দার বলেন, আগুন খুব বিরূপ আকার ধারণ করেছিল। ভয়াবহতা অনেক বেশি ছিল। তাই সরাইল ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল। পরে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৩০-৩৫ জন সদস্য পানি ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌফিকুর রহমান তপু জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনা তদন্ত করা হবে।
















