ইসলাম টাইমস ডেস্ক: ধর্মাচরণ ও সংস্কৃতির নামে যুগে যুগে মানব জাতির উপর কত অমানবিকতা হয়েছে, তার কিছুটা মাঝে মাঝে বিভিন্ন ধর্মের আচরণ থেকে প্রকাশ পেয়ে যায়।
সম্প্রতি ভারতের গুজরাট মন্দিরে এমনই একটি ঘটনা ঘটে। ধর্মাচরণ ও পুণ্যলাভের উদ্দেশ্যে এক নারী একটি হাতির মূর্তির পায়ের মধ্যে ঢুকে আটকা পড়ে যায়। তারপর অনেক টানাটানি করেও তাকে বের করা যায়নি। যখন ভয়ে তার মুখ শুকিয়ে গেছে, আশপাশে অনেক লোক জড়ো হয়ে গেছে, এমন সময় ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হতে হতে বেঁচে গেলেন ওই নারী।
এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ধর্মীয় আচার পালনের জন্য মন্দিরের একটি হাতির মূর্তির পায়ের মধ্যে ঢুকে পড়েছেন এক নারী। রীতি অনুযায়ী, মূর্তির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হবে তাকে। শুরুটা ঠিকই ছিল। দিব্যি ঢুকে গেলেন ওই নারী। মাথা ও দুহাতও বের করে ফেললেন। সঙ্গীদের কথা মতো ছবির জন্য পোজও দিলেন। এবার বের করতে হবে বাকি শরীর। কিন্তু সেটা করতে গিয়েই বিপদ! আটকে গেছেন তিনি। হাজার চেষ্টা করেও কিছুতেই আর বেরোতে পারছেন না। এবার কী হবে?
সারাজীবন আটকে থাকতে হবে নাকি হাতির পায়ের মাঝে? ধর্মীয় রীতি পালন করতে গিয়ে একি মুশকিলে পড়লেন ওই নারী! শুরু হল সঙ্গীদের টানাটানি। অনেকে আবার বিভিন্ন ভঙ্গিতেও চেষ্টা করতে পরামর্শ দিলেন। কোনও লাভ হল না। অনেক টানাটানি করেও বেরোতে পারছেন না। ততক্ষণে মুখ শুকিয়ে গেছে ওই নারীর। লোকও জড়ো হয়ে গেছে অনেক।
আবার শুরু হল টানাটানি। সঙ্গে ‘জয় মাতাজি’, ‘জয় অম্বে’ ধ্বনি। অবশেষে বেরোতে পারলেন তিনি। ততক্ষণে সঙ্গীদের গলদঘর্ম দশা। হাঁফ ছেড়ে বাঁচলেন ওই নারী।
ফের এমন ধর্মাচরণ তিনি করবেন কিনা তা অবশ্য জানা যায়নি। তবে, হাসির ছলে এমন সব ধর্মাচরণের বিষয়ে সাবধান হওয়ার বার্তাও কিন্তু দিয়ে গেল এই ভিডিও।
















