ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জ ও চান্দিনায় এসব দুঘর্টনা ঘটে।
কুমিল্লাগামী যাত্রীবাহী রয়েল কোচ বাস দাউদকান্দি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে রৌশন আরা বেগম (৬০) ও আনিকা (২২) নামে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো বেশ কয়েকজন যাত্রী।
নিহত রৌশন আরা বেগম হলেন জেলার বুড়িচং উপজেলার সিতালীহর গ্রামের সফিকুর রহমানের স্ত্রী এবং আনিকা হলেন মুরাদনগর উপজেলার মামুন মিয়ার মেয়ে।
গুরুত্বর আহত তাসলিমা আক্তার (৩০), নাজনীন (১৯), বিল্লাল (৩৮) ও সামসুন্নাহারসহ (৩৬) সাত জনকে ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম শিকদার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
অন্যদিকে, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে চান্দিনার বড় গোবিন্দপুরে ঢাকা থেকে ছেড়ে আসা হাজীগঞ্জগামী তিশা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ জন আহত হয়েছেন।
গাড়িতে থাকা এক যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসার পর গাড়িটির বেপোরায়া গতির কারণে কয়েকবার এক্সিডেন্ট হতে গিয়েও হয়নি, তারপরও চালক গাড়ির গতি কমাননি।
আরেক যাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ড্রাইভার খুব বাজেভাবে গাড়ি চালাচ্ছিলেন। উনি খুব দ্রুত গতিতে এলিয়ে দুলিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তাই এখন আমাদের এই অবস্থা ।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি এবং বাসের বেশিরভাগ যাত্রীকে আহত অবস্থায় দেখতে পেয়ে উপস্থিত জনতার সাহায্য নিয়ে হাসপাতেল পাঠিয়েছি।
















