ইসলাম টাইমস ডেস্ক: বরগুনায় প্রকাশ্যে শত শত মানুষের উপস্থিতিতে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় রিফাত শরীফ হত্যা মামলার আসামিরা যেনো দেশত্যাগ করতে না পারে সে জন্য সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এই রেড অ্যালার্ট জারি করা হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, রিফাত শরীফ হত্যার ঘটনায় জড়িতরা যেনো দেশ ত্যাগ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে রিফাত হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন ও তার সহযোগীরা রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই হামলাকারীদের থামানো যায়নি। তারা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়।
পরে স্থানীয় লোকজন রিফাত শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।
















