ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের এক ইমামের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। নিহত কারী মো. আবুল হোসেন মোল্লা (৭০) ঈশ্বরপুর গ্রামের জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের উত্তর মাঠের জঙ্গলের মধ্যে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নিহত আবুল হোসেনের ভাতিজা আব্দুস সামাদ জানান, গত ৪/৫ দিন পূর্বে তার চাচা আবুল হোসেন মোল্লা বাড়ি থেকে রাগারাগি করে বের হয়ে যান। তারপর তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।
এদিকে, রোববার সকালে লাশ থেকে দুর্গন্ধ বের হয়। এ সময় আশপাশের মানুষ টের পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বের করা যাবে।
















