বঙ্গোপসাগরে লঘুচাপ : আগামী ৭২ ঘন্টা আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে

ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গোপসাগরে থাকা লঘুচাপের প্রভাবে  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী শনিবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার আভাস রয়েছে। অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে আগামী মঙ্গলবার নাগাদ। সেদিন আকাশে সূর্য দেখা দিতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এ সময় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার। আর সকালের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উত্তর তামিলনাড়-দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকার অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ রূপে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিন্ম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, ৩৯ মিলিমিটার।

পূর্ববর্তি সংবাদনওয়াজকে সর্বোচ্চ চিকিৎসাসেবার নির্দেশ পাকপ্রধানমন্ত্রীর, বিষ প্রয়োগের অভিযোগ ছেলের
পরবর্তি সংবাদপাকিস্তানে শর্তসাপেক্ষে ‘আযাদী মার্চে’র অনুমতি পেল জমিয়ত