খোকার মৃত্যুতে দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি হলো : ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: খোকার মৃত্যুতে দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি হলো মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান ক্রান্তিকালে দেশ একজন যোগ্য নেতাকে হারাল। তিনি ছিলেন ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। দেশের মুক্তির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান, দলের ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি, সাবেক মেয়র ও মন্ত্রী, সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মরহুম সাদেক হোসেন খোকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের সৈনিক, তিনি ঢাকা মহানগরী বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করেছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তার জনসেবা ও দেশের প্রতি অঙ্গীকার সর্বদাই স্মরণীয়।

ফখরুল শোকবার্তায় সাদেক হোসেন খোকার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তি সংবাদকুড়িগ্রামে ইট দিয়ে মাথা থেঁতলে মাদরাসাছাত্রকে হত্যা করেছে এক মাদকাসক্ত
পরবর্তি সংবাদপেঁয়াজের দাম ১০ টাকা কমেছে : বাণিজ্যমন্ত্রী