কসবায় ট্রেন দুর্ঘটনা : সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনাকে দায়ী করলেন ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এসময় তিনি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন।

গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে। ব্যর্থ হয়ে গেছে এই সরকার। কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। রেল দুর্ঘটনাও তো অনেকগুলো ঘটল। কীভাবে? কারণ, কোনো জবাবদিহি নেই।’

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) নিজের হাতে ধরে কিছু খেতে পারেন না। তাকে খাইয়ে দিতে হয়। হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। বিছানা থেকেও অন্যের সাহায্য ছাড়া উঠতে পারেন না। অথচ সরকারের মদদপুষ্ট হাসপাতালের পরিচালক বলেন যে তিনি সুস্থ আছেন। তার কোনো অসুবিধা নেই। আগের চেয়েও সুস্থ আছেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে।

পূর্ববর্তি সংবাদহজ নিয়ে বক্তব্য : ধর্ম প্রতিমন্ত্রীর অপসারণে এক সপ্তাহের আল্টিমেটাম দিল তরিকত ফেডারেশন
পরবর্তি সংবাদবাবরী মসজিদের স্থানে মন্দির নির্মাণের কর্তৃত্ব নিয়ে হিন্দু সংগঠনগুলোর মধ্যে চলছে বাকযুদ্ধ